ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

তারেক রহমানসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ১৭ জুলাই

প্রকাশিত: 15 July 2025, 2:38 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির জন্য আগামী বৃহস্পতিবার, ১৭ জুলাই দিন ধার্য করেছে আপিল বিভাগ।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন। মামলাটি দ্রুত শুনানির জন্য আবেদন করেন বিএনপিপন্থী জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। শুনানির সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

আদালতে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, মাকসুদ উল্লাহসহ অনেকে।

এর আগে, গত ১২ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে তারেক রহমান, বাবরসহ সব আসামিকে খালাস দেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ বিচারিক আদালতের রায় বাতিল করে মন্তব্য করেন—একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার ছিল “আইনগতভাবে গ্রহণযোগ্য নয়” ও “অবৈধ”।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত হন ২৪ জন, আহত হন শতাধিক। এ ঘটনায় দুটি মামলা হয়—একটি হত্যা এবং একটি বিস্ফোরক দ্রব্য আইনে। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় অভিযোগপত্র দেওয়ার পর বিচার শুরু হয়।

২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ মামলার রায় ঘোষণা করে। তাতে সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে সেটির শুনানির জন্য ১৭ জুলাই দিন ঠিক হলো।

মন্তব্য করুন