জেলা প্রতিনিধি :
বগুড়া সদর উপজেলার ইসলামপুর (হরিগাড়ি) পশ্চিম পাড়ায় নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়েছে লাইলী বেওয়া (৮০) ও তার নাতবউ হাবিবা ইয়াসমিনকে (২১)। বুধবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে ঘটে এই নৃশংস হত্যাকাণ্ড। এ সময় ছুরিকাঘাতে আহত হন হাবিবার ননদ, ১৫ বছর বয়সী বন্যা।
ঘটনার সময় নিহতদের পরিবারের সদস্যরা কেউই বাড়িতে ছিলেন না। চিৎকার করে রক্তাক্ত অবস্থায় বন্যা বাইরে বেরিয়ে এলে প্রতিবেশীরা ছুটে এসে হাবিবার নিথর দেহ বারান্দায় ও লাইলীর মরদেহ ঘরের ভেতরে পড়ে থাকতে দেখেন। হাবিবার সাত মাসের শিশু সন্তান রক্তাক্ত মেঝেতে কাঁদছিল।
স্থানীয়দের অভিযোগ, এই ঘটনায় বন্যার সাবেক প্রেমিক সৈকত ইসলাম জড়িত। সৈকত নেশাগ্রস্ত এবং বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর থেকেই বন্যাকে উত্ত্যক্ত করে আসছিল বলে জানায় পরিবার। ঘটনার দিন সে বাড়িতে প্রবেশ করে এই নৃশংস হামলা চালায় বলে সন্দেহ করা হচ্ছে।
আহত বন্যা বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান জানান, ঘটনার পরই অভিযান শুরু হয়েছে এবং হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।











