মোহাম্মদপুরে একজনকে গুলি আরেকজনকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরে পৃথক দুটি ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ও রাত ৯টার দিকে এসব হত্যাকাণ্ড ঘটে। একজনকে গুলি করে এবং অন্যজনকে কুপিয়ে হত্যা করা হয়।
প্রথম ঘটনাটি ঘটে সন্ধ্যা ৭টার দিকে নবোদয় হাউজিং সোসাইটির বায়তুল মামুর জামে মসজিদের সামনে। পূর্ব বিরোধের জেরে স্থানীয়ভাবে সালিশ চলাকালীন মো. ইব্রাহিম (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়। স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে দুই হামলাকারী মো. রুবেল (৩৫) ও সজিব (৩২)কে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি পিস্তল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশ জানিয়েছে, পূর্ব বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
দ্বিতীয় ঘটনা ঘটে রাত ৯টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে। পুলিশের সোর্স হিসেবে পরিচিত আলআমিন ওরফে পাতা আলআমিন (২৬) কে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) একেএম মেহেদী হাসান এই দুই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত চলছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
