নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে বিক্ষোভকারীরা সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে জড়ো হলে নিরাপত্তাজনিত কারণে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। এতে সচিবালয়ের ভেতরে-পরে আতঙ্ক ও যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের একটি অংশ চলতি বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। তারা ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে অবস্থান নিয়েছে। অন্যদিকে, উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনার প্রতিবাদেও ক্ষোভ প্রকাশ করছে আরেকটি অংশ।
শিক্ষার্থীদের স্লোগান: “ভুয়া ভুয়া!” “আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে!” “অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন!”
বিক্ষোভের কারণে সচিবালয়ের প্রধান ফটকসহ সকল গেট বন্ধ হয়ে যাওয়ায় সচিবালয়ের ভেতরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একইসঙ্গে সচিবালয়ের ভেতর থেকে কোনো গাড়ি বের হতে না পারায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গেটের সামনে ও সচিবালয়ের ভেতরে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
শিক্ষার্থীদের একাংশ ঢাকা বোর্ড থেকে এসে বিক্ষোভে যোগ দেয়। এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা ফলাফল পুনর্মূল্যায়ন এবং দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে সরব হন।











