ফেনীতে বাসের ধাক্কায় পিকআপ দুমড়ে-মুচড়ে দুই ভাই নিহত

জেলা প্রতিনিধি :

ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে দ্রুতগতির বাসের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে, ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে।

নিহতরা হলেন—পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষ্মীয়ারা উজালীয়া কাজী বাড়ীর বাসিন্দা শাহ আলমের দুই ছেলে মোশারফ হোসেন (২৯) ও একরাম হোসেন (১৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে পেছন দিক থেকে একটি দ্রুতগামী ‘লাল সবুজ’ বাস ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা দুই ভাই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোশারফকে মৃত ঘোষণা করেন।
অবস্থার অবনতি হওয়ায় একরামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে সেও মৃত্যুবরণ করে।

নিহতের চাচাতো ভাই মো. সুজন জানান, মোশারফ আলভী এন্টারপ্রাইজ নামে একটি পরিবহন কোম্পানিতে চাকরি করতেন। সেদিন তাদের একটি পিকআপ রাস্তার পাশে বিকল হয়ে পড়ে থাকলে, সেটি উদ্ধার করতে মোশারফ ও তার ছোট ভাই একরাম সেখানে যান।
পিকআপটিকে রাস্তার পাশে তোলার পর মোশারফ চাকার যোগান দিতে গেলে, পেছন থেকে দ্রুতগতির বাসটি এসে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মোশারফ মারা যান।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে, এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।