নিজস্ব প্রতিবেদক:
ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ হয়ে আরও এক শিশু মৃত্যুবরণ করেছে। আইমান (১০) নামের ওই শিশুটি ৪৫ শতাংশ দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল।
শুক্রবার সকাল ৯টা ৩২ মিনিটে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
এই ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৪ জন মারা গেছেন।
সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, মাইলস্টোন ট্রাজেডিতে মোট ৩২ জন নিহত হয়েছেন এবং এখনো ৫১ জন চিকিৎসাধীন, যাদের মধ্যে অনেকে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টার ব্রিফিংয়ে ডা. নাসির উদ্দিন জানান, চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
আজ সকালে আইমানের মৃত্যুর পর বর্তমানে ৪১ জন চিকিৎসাধীন রয়েছেন জাতীয় বার্ন ইউনিটে।
এদিকে, দুর্ঘটনার কারণ ও বিমান বাহিনীর ত্রুটি সংশ্লিষ্ট বিষয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি কাজ করছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
নিহত ও আহতদের পরিবারে চলছে চরম শোক ও ক্ষোভ।











