টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ ফারিয়ার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালিয়ে গাজীপুরা টেকপাড়া বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম। মরদেহটি টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে, গত রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় হাঁটার সময় খোলা একটি ম্যানহোলে পড়ে গিয়ে নিখোঁজ হন জ্যোতি। দীর্ঘ সময় ধরে চলা অভিযানেও তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

জ্যোতি চুয়াডাঙ্গা জেলার বাগানপাড়া থানার মৃত ওলিউল্লাহ আহম্মেদের মেয়ে। রাজধানীর মিরপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং ‘মনি ট্রেড ইন্টারন্যাশনাল হেলথ’ নামে একটি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনার পর সামাজিক মাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঢাকনাবিহীন ম্যানহোল, দীর্ঘ উদ্ধার প্রক্রিয়া এবং নাগরিক অব্যবস্থাপনার বিরুদ্ধে অনেকেই প্রতিবাদ জানাচ্ছেন।