সাপাহারে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

জেলা প্রতিনিধি, নওগাঁ  :

নওগাঁর সাপাহার উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (SEDP)-এর আওতায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ জুলাই (সোমবার) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. শাহাদৎ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শামসুল কবির, মাধ্যমিক শিক্ষা মনিটরিং অফিসার মো. আমিনুল ইসলাম, উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি ও সরফতুল্লাহ মাদরাসার সুপার মাওলানা মো. মোসাদ্দেক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও গোয়ালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, মরাডাঙ্গা ময়নাকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বিএসসি, এবং উমইল মোহাম্মদদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা জাহিদুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পোরশা উপজেলা একাডেমিক সুপারভাইজার কনক রঞ্জন।

অনুষ্ঠানে আমন্ত্রিত শিক্ষার্থীরা, তাদের অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২০২২–২০২৩ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি (সমমান) পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩৮ জন মেধাবী শিক্ষার্থী-এর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি ইউএনও সেলিম আহমেদ তাঁর বক্তব্যে শহীদ মুগ্ধ ও আবু সাঈদের বৈষম্যবিরোধী প্রতিবাদের উদাহরণ টেনে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “নিজেকে গড়ো একজন প্রতিবাদী ও সচেতন নাগরিক হিসেবে, যারা শিক্ষা অর্জনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে।”

অনুষ্ঠানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার মো. শাহাদৎ হোসেন বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। মেধার বিকাশের মাধ্যমে তোমরা একদিন জাতির কর্ণধার হবে। তোমাদের হাত ধরেই তৈরি হবে বৈষম্যমুক্ত বাংলাদেশ।”

আয়োজকরা জানান, এই অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে গভীর উৎসাহ ও অনুপ্রেরণা তৈরি করেছে, যা তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে সহায়ক হবে।