বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৪ দিন পর ৯ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

জেলা প্রতিনিধি :

টুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার এফবি সাগরকন্যা ডুবে যাওয়ার ঘটনায় ৪ দিন পর সমুদ্র থেকে ৯ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন ৬ জেলে।

গত ২৫ জুলাই (শুক্রবার) সকাল ১০টার দিকে বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ট্রলারটি হঠাৎ ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারে মোট ১৫ জন জেলে ছিলেন।

উদ্ধার হওয়া জেলেরা জানান, ট্রলার ডুবির পর তারা বাঁশ ও ফ্লুটের সাহায্যে সাগরে ভেসে থাকতে থাকেন। প্রথমে একজন এবং পরে আরও পাঁচজন ধীরে ধীরে নিখোঁজ হন। শেষ পর্যন্ত ৯ জন জীবিত অবস্থায় বঙ্গোপসাগরের শেষ বয়ার কাছাকাছি পৌঁছালে সোমবার রাতে অপর দুটি মাছধরার ট্রলার তাদের উদ্ধার করে।

উদ্ধার জেলেদের মঙ্গলবার ভোরে অসুস্থ অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিখোঁজ ছয় জেলের নাম—আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, “ঘটনার পরদিন, ২৬ জুলাই ট্রলারমালিক কিশোর হাওলাদার নিখোঁজদের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।”