জেলা প্রতিনিধি :
কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি ভাড়া বাসা থেকে মা ও তার কিশোরী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহ এবং ঋণজনিত আর্থিক সংকটের কারণে তারা বিষপান করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার রামপুর গ্রামে এই ঘটনা ঘটে এবং মঙ্গলবার সকালে পুলিশ বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন জাহেদা আক্তার (৩৫) এবং তার মেয়ে মিশু আক্তার (১৪)। তারা বুড়িচং উপজেলার রামপুর গ্রামের একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। পারিবারিক সূত্র অনুযায়ী, তারা ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের রাজমিস্ত্রি মীর হোসেনের স্ত্রী ও মেয়ে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক জানান, মীর হোসেন বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়েছিলেন এবং তা পরিশোধে অক্ষম হয়ে পরিবারসহ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। এরপর তারা বুড়িচংয়ের রামপুর গ্রামে আবুল খায়েরের বাড়িতে ভাড়া থাকা শুরু করেন। ওসি আরও জানান, চলমান আর্থিক সংকট এবং দাম্পত্য কলহের জের ধরে সোমবার রাতে স্ত্রী ও মেয়ে বিষপান করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার পরপরই মীর হোসেন পালিয়ে গেছেন। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে ঘটনার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না, সেটিও আমরা তদন্ত করে দেখছি।”











