আজ ঢাকায় একাধিক সমাবেশে যান চলাচলে ডিএমপির নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক:
আজ ৩ আগস্ট রোববার রাজধানী ঢাকায় একাধিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচিকে কেন্দ্র করে কিছু এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শহীদ মিনার ও শাহবাগ এলাকায় পৃথকভাবে জনসমাবেশ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে ১-৪ আগস্ট পর্যন্ত ‘জুলাই জাগরণ’ শিরোনামে একটি সাংস্কৃতিক উৎসব চলছে।
এসব আয়োজন ঘিরে রাজধানীর শাহবাগ, শহীদ মিনার, সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ব্যাপক জনসমাগম প্রত্যাশা করছে পুলিশ। এতে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে উল্লেখ করে শনিবার (৩ আগস্ট) এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ডিএমপি।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’ এবং বিকেল ৩টা থেকে শহীদ মিনারে এনসিপির ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ হবে।
এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘জুলাই জাগরণ’ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
ডাইভারশন পয়েন্ট (বিকল্প রুট):
হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: উত্তরের যানবাহন হেয়ার রোড/মিন্টু রোড ব্যবহার করবে।
কাটাবন মোড়: পশ্চিম দিক থেকে আসা যানবাহন নীলক্ষেত/পলাশী বা হাতিরপুল হয়ে চলবে।
মৎস্য ভবন মোড়: দক্ষিণ দিক থেকে হেয়ার রোড/মগবাজার, উত্তরের যানবাহন হাইকোর্ট হয়ে চলবে।
টিএসসি/রাজু ভাস্কর্য: নীলক্ষেত বা দোয়েল চত্বর হয়ে ঘুরে চলতে অনুরোধ।
শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন রাস্তা: যথাসম্ভব এড়িয়ে চলতে অনুরোধ।
ডিএমপি নগরবাসীকে বিশেষভাবে অনুরোধ করেছে, বিশেষ করে এইচএসসি/সমমান ও বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে রওনা দিতে এবং বিকল্প পথ বেছে নিতে।
