নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বুধবার (৬ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে মরহুমের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এই আয়োজনে অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট সংগীতশিল্পী বেবী নাজনীন। তিনি এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি এবং ডা. জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানুর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
দীর্ঘ ৮ বছর যুক্তরাষ্ট্রে প্রবাসে কাটিয়ে ২০২৪ সালের ১০ নভেম্বর দেশে ফেরেন বেবী নাজনীন। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে তাঁর সাংগীতিক পেশায় নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যা তাঁকে দেশত্যাগে বাধ্য করে। তবে দেশে ফিরে তিনি আবারও সক্রিয়ভাবে সংগীত ও রাজনীতির অঙ্গনে যুক্ত হয়েছেন।











