জেলা প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়ায় নেশার টাকা জোগাড় করতে তিন মাস বয়সী নিজের কন্যা সন্তানকে বিক্রি করার অভিযোগে মিরাজ উদ্দীন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আকবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক মিরাজ উদ্দীন ওই এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে ও পেশায় একজন অটোরিকশা চালক। দুই বছর আগে বান্দরবানের আছারতলি এলাকার আসমাউল হোসনার সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে জান্নাতুল মাওয়া মিমহা নামে একটি কন্যাসন্তান জন্ম নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নেশার টাকার জন্য একমাত্র সন্তানকে গোপনে বিক্রি করে দেন মিরাজ। পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালায় এবং মছদিয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করে।
শিশুটির মা আসমাউল হোসনা বলেন, “আমার স্বামী নিয়মিত মাদক সেবন করত। প্রতিবাদ করলে আমাকে মারধর করত। মেয়েকে লালন-পালনের জন্য দিচ্ছে বলে জানালেও পরে জানতে পারি টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। আমি ভিক্ষা করব, তবুও আমার সন্তান কাউকে দেব না।”
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, শিশুটি বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে দ্রুত উদ্ধার করা হয়েছে। শিশুকে প্রাথমিক চিকিৎসা শেষে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত পিতার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।











