ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ভোটার তালিকার খসড়া প্রকাশ, দেশে মোট ভোটার ১২ কোটির বেশি

প্রকাশিত: 10 August 2025, 4:50 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে দেখা গেছে, দেশে মোট ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে। নতুন করে তালিকায় যুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার।

রোববার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “আজ দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একযোগে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়েছে। এই তালিকা সংশোধন, অন্তর্ভুক্তি ও বাদ দেওয়ার সুযোগ এখনো আছে।”

এর আগে ২ মার্চ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, দেশে ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। নতুন তালিকায় একদিকে যেমন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন যুক্ত হয়েছেন, অন্যদিকে মৃত বা অযোগ্য হিসেবে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

সচিব জানান, নতুন আইন অনুযায়ী ৩১ অক্টোবর ২০২৫ তারিখে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও এবার ভোটার হতে পারবেন। এতে নবীন ভোটারদের এক বছর অপেক্ষা করতে হবে না।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, এ বছর তিন দফায় ভোটার তালিকা প্রকাশ করা হবে— ২ মার্চ, ৩১ আগস্ট এবং ৩১ অক্টোবর। শেষ দফার তালিকাই হবে চূড়ান্ত।

তথ্য সংশোধনের সুযোগ থাকবে আগামী ২১ আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যে নাগরিকরা নিজের নাম, ঠিকানা, ছবি, পরিচয় বা যেকোনো তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। ২৪ আগস্টের মধ্যে সব আবেদন নিষ্পত্তি শেষে ৩১ আগস্ট চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।

মন্তব্য করুন