নিজস্ব প্রতিবেদক :
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)।
বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন প্রফেসর ইউনূস।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সামাজিক ব্যবসা ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক উদ্যোগে প্রফেসর ইউনূসের অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই ডিগ্রি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, নীতি-নির্ধারক, ইউকেএম-এর শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ থেকে আগত প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা। প্রফেসর ইউনূস অডিটোরিয়ামে পৌঁছালে তাঁকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয় এবং চ্যান্সেলরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
পরে এক বক্তব্যে প্রফেসর ইউনূস বলেন, “এই সম্মান শুধু আমার নয়, এটি সেইসব উদ্যোগ ও স্বপ্নের প্রতিফলন, যেগুলো বৈষম্যহীন এক পৃথিবীর দিকে এগিয়ে যেতে চায়।”











