গণতন্ত্র ও শান্তির পথে অটুট প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

মালয়েশিয়া সফরকালে গণতন্ত্র, শান্তি ও অর্থনৈতিক অগ্রগতির প্রতি তাঁর সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)-এর অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করছি, যাতে দেশের জনগণের প্রকৃত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায়।”

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের হাত থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর বক্তব্যে তিনি বলেন, “গণতন্ত্রকে শক্তিশালী করে একটি বলিষ্ঠ ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতেই আমরা কাজ করছি।”

অধ্যাপক ইউনূস বলেন, “আমি এমন একটি বিশ্বের স্বপ্ন দেখি, যেখানে সবাই মর্যাদার সঙ্গে, ভয়ভীতি ও বৈষম্যমুক্তভাবে বসবাস করতে পারবে।” তিনি এই সম্মাননা বাংলাদেশের জনগণের প্রতি উৎসর্গ করেন এবং বলেন, “এই ডিগ্রি তরুণদের স্বপ্ন বাস্তবায়নে আমার দায়িত্ব স্মরণ করিয়ে দেয়।”

তিনি আরও বলেন, “গত বছর বাংলাদেশের সাহসী তরুণরা এক ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তাদের নেতৃত্বে ঘটে যাওয়া ২০২৪ সালের গণঅভ্যুত্থান আমাদের জাতীয় পরিচয়ের নতুন অধ্যায় রচনা করেছে।”

প্রধান উপদেষ্টা জানান, একটি ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বর্তমান সরকার সুস্পষ্ট লক্ষ্য ও কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

তিনি বলেন, “দেশে বড় ধরনের অর্থনৈতিক পরিবর্তন আনতে উদ্যোক্তা উন্নয়ন, শিক্ষা ও প্রযুক্তি খাতে বিনিয়োগ, এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বাড়ানোর কাজ চলছে।”

পরে ইউকেএম ও ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার নেটওয়ার্কের যৌথ উদ্যোগে আয়োজিত একটি সেশনে বিশ্ববিদ্যালয় নেটওয়ার্কের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন অধ্যাপক ইউনূস।

সফরকালে তিনি বিশ্ববিদ্যালয়ের অতিথি বইতে স্বাক্ষর করেন এবং ইউকেএম-এর চ্যান্সেলর ও নেগেরি সেমবিলানের রাজা’র সঙ্গে অনানুষ্ঠানিক সাক্ষাতেও মিলিত হন।

বর্তমানে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে সরকারি সফরে রয়েছেন।