নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের জয়দেবপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে প্রায় ৪০ মিনিট বন্ধ ছিল উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল। ঢাকা অভিমুখী বনলতা এক্সপ্রেস ট্রেনটি আটকে রেখে তারা এ কর্মসূচি পালন করেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে জয়দেবপুর শিমুলতলী সড়কের পশ্চিম বুরুশিয়া এলাকায় শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে বেলা ১১টার দিকে রেললাইনে নেমে বনলতা এক্সপ্রেস আটকে দেন তারা। প্রায় ৪০ মিনিট পর, দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষার্থীরা ট্রেনটি ছেড়ে দিলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
বিক্ষোভকারীরা জানান, ১৩ আগস্ট অনুষ্ঠিতব্য এবং ১৫ আগস্ট নির্ধারিত মেট্রোরেলের সেকশন ইঞ্জিনিয়ার পদের পরীক্ষা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের রিটের কারণে স্থগিত করা হয়েছে। এতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি অবিচার হয়েছে বলে দাবি করে আন্দোলনে নামে তারা।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল হোসেন বলেন, “শিক্ষার্থীরা বিক্ষোভ করে বনলতা ট্রেনটি আটকে দেয়। পরে প্রায় ৪০ মিনিট পর রেল চলাচল স্বাভাবিক হয়।”
এ ঘটনায় যাত্রীরা ভোগান্তিতে পড়লেও কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ ও রেল কর্তৃপক্ষ।











