রাতভর অভিযানে উদ্ধার ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধারে যৌথবাহিনী রাতভর অভিযান চালিয়েছে। বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১২টার পর থেকে শুরু হওয়া এ অভিযানে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে, যেগুলো ফের ধলাই নদী ও সাদাপাথর এলাকায় বিছিয়ে দেওয়া হয়। একই সঙ্গে বেশ কয়েকটি পাথর পরিবহনকারী ট্রাক জব্দ করা হয়েছে।
অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। অভিযান চলে সিলেট নগরী, কোম্পানীগঞ্জ এবং ভোলাগঞ্জ এলাকায়।
কোম্পানীগঞ্জ উপজেলার ইউএনও আজিজুন্নাহার জানান, অভিযানে একটি ছয় সদস্যের দল বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা পাথরগুলো উদ্ধার করে পূর্বের অবস্থানে ফেরত দেয়। আজ বৃহস্পতিবারও অভিযান চালানো হবে। যতক্ষণ পর্যন্ত সব পাথর উদ্ধার না হচ্ছে, ততক্ষণ অভিযান চলবে বলে তিনি জানান।
পাথর লুটপাট ঠেকাতে সিলেট সার্কিট হাউসে এক জরুরি সমন্বয় সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে পুলিশ, বিজিবি, র্যাবসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে অন্যতম:
সাদাপাথর ও জাফলং এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনীর দায়িত্ব।
গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে চেকপোস্টে যৌথ টহল।
অবৈধ ক্রাশিং মেশিন বন্ধ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।
পাথর চুরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার।
চুরি হওয়া পাথর আগের অবস্থানে প্রতিস্থাপন।
অভিযানকালে সিলেট-ভোলাগঞ্জ সড়কের ওসমানী বিমানবন্দর সংলগ্ন এলাকায় সিলেট ক্লাবের সামনে একটি চেকপোস্ট বসিয়ে একাধিক ট্রাক জব্দ করা হয়। এসব ট্রাকে সাদাপাথর এলাকা থেকে লুট হওয়া পাথর বহন করা হচ্ছিল বলে জানিয়েছে প্রশাসন।
মঙ্গলবার (১২ আগস্ট) জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে, যাদের আগামী ১৭ আগস্ট প্রতিবেদন দিতে বলা হয়েছে। একইসঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক) বুধবার সাদাপাথর এলাকা পরিদর্শন করে।
দুদক জানিয়েছে, প্রভাবশালী ব্যবসায়ী, স্থানীয় প্রশাসনের একটি অংশ এবং রাজনৈতিক ছত্রছায়ায় পাথরখেকো চক্র দীর্ঘদিন ধরে এ লুটপাট চালিয়ে যাচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
২০২৪ সালের আগস্টের পর স্থানীয় রাজনৈতিক নেতারা কোয়ারি খুলে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করে। এর আড়ালে পাথর লুটের ঘটনা বাড়তে থাকে। অভিযুক্তদের মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সংশ্লিষ্টতা পাওয়ায় তার দলীয় পদ স্থগিত করা হয়েছে।
