নির্ধারিত সময়ে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রধান উপদেষ্টা যে মাসে নির্বাচন হবে বলেছেন, সেই মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ ঠেকাতে পারবে না, প্রতিরোধ করতে এলে জনগণকে সঙ্গে নিয়েই প্রতিরোধ করা হবে।
শনিবার রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “যে মাসে নির্বাচন হওয়ার কথা, সেই মাসেই হবে। কে কী বলল, সেটা শোনার দরকার নেই। প্রধান উপদেষ্টার সিদ্ধান্তই চূড়ান্ত।”
নির্বাচন ছাড়াও দেশের চাঁদাবাজদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “দেশে যত বড় চাঁদাবাজই থাকুক, তাকে আইনের আওতায় আনা হবে। বাংলাদেশে চাঁদাবাজদের ঠাঁই হবে না।”
সবজির দাম নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে শাকসবজির দাম কিছুটা বেড়েছে। তবে বাজার এখনও নিয়ন্ত্রণে রয়েছে। তার ভাষ্য, “আলু প্রচুর মজুত আছে, কিন্তু কৃষকরা দাম পাচ্ছে না— লাভ করছে মধ্যস্বত্বভোগীরা।”
এই পরিদর্শন ছিল নিষিদ্ধ পলিথিন প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ। মার্কেট ঘুরে দেখার সময় তিনি দোকানিদের পলিথিন ব্যবহার না করার পরামর্শ দেন এবং এর ভয়াবহতা তুলে ধরেন।
