রাষ্ট্রপতির ছবি সরাতে কূটনৈতিক মিশনগুলোকে মৌখিক নির্দেশ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের সকল বিদেশস্থ কূটনৈতিক মিশন, কনস্যুলেট, হাইকমিশন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে। তবে বিষয়টি এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলের মাধ্যমে জানানো হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, শুক্রবার (১৫ আগস্ট) টেলিফোনের মাধ্যমে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয় সরকারের এই সিদ্ধান্ত। দায়িত্বপ্রাপ্ত দূতদের বলা হয়েছে, অন্যান্য মিশনে বিষয়টি জানিয়ে দেওয়ার পাশাপাশি নির্দেশনার বাস্তবায়ন তদারকি করতেও।

দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের একাধিক মিশনের কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখনো এ ধরনের কোনো সরাসরি নির্দেশনা পাননি। তবে অন্তত দুটি বিদেশি মিশনের প্রধান নিশ্চিত করেছেন, তারা এ নির্দেশনা পেয়েছেন এবং তা অনুসারে পদক্ষেপ নিচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, “ঢাকা থেকে ফোনে বলা হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে, তবে লিখিত কিছু দেওয়া হয়নি। আমাদের নির্দেশ দেওয়া হয়েছে এটি অন্যদের জানানো ও বিষয়টি নজরদারি করার।”

আরেক কূটনীতিক জানান, বার্তাটি তিনি পেয়েছেন তার অঞ্চলের কাছাকাছি একটি মিশনের মাধ্যমে, দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূতের কাছ থেকে সরাসরি নয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, প্রাথমিকভাবে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূতকে মৌখিকভাবে জানানো হয়েছে এবং তারা পর্যায়ক্রমে সংশ্লিষ্ট মিশনগুলোতে বিষয়টি জানাচ্ছেন।

তবে বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে এমন একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা লিখিত বা আনুষ্ঠানিকভাবে না পাঠিয়ে শুধুমাত্র টেলিফোনে জানানোয় অনেকেই এটিকে অস্বাভাবিক ও অনিয়ম হিসেবে দেখছেন।