২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ হাজার ৫৪৩, আহত ১২ হাজার ৬০৮ জন

নিজস্ব প্রতিবেদক:

২০২৪ সালে দেশে সড়ক দুর্ঘটনায় মোট ৮ হাজার ৫৪৩ জন নিহত হয়েছেন, এমনটি জানানো হয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে। শনিবার (৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

‘২০২৪ সালের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন’ প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

এতে জানানো হয়, ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮ হাজার ৫৪৩ জন, আহত হয়েছেন ১২ হাজার ৬০৮ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আরও জানায়, সড়ক, রেল ও নৌ-পথে মোট ৬ হাজার ৯৭৪টি দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত এবং ১৩ হাজার ১৯০ জন আহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, রেলপথে ৪৯৭টি দুর্ঘটনায় ৫১২ জন নিহত ও ৩১৫ জন আহত হয়েছেন। নৌ-পথে ১১৮টি দুর্ঘটনায় ১৮২ জন নিহত, ২৬৭ জন আহত এবং ১৫৫ জন নিখোঁজ রয়েছে। এছাড়া, মোটরসাইকেল দুর্ঘটনায় ২ হাজার ৩২৯টি দুর্ঘটনায় ২ হাজার ৫৭০ জন নিহত এবং ৩ হাজার ১৫১ জন আহত হয়েছেন।