নিজস্ব প্রতিবেদক:
থাইল্যান্ড থেকে দেশে ফেরার মাত্র ছয় ঘণ্টা পরই হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেএম জাহিদ হোসেন জানান, রাত ১২টার দিকে গুলশানের বাসায় হঠাৎ অসুস্থবোধ করেন ফখরুল। পরে দ্রুতই তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন মহাসচিবের অবস্থা স্থিতিশীল। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। সকলের কাছে দোয়া চাচ্ছি।’
বর্তমানে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোমিনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে, চোখের ফলোআপ চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংকক থেকে স্ত্রী রাহাত আরা বেগমের সঙ্গে ঢাকায় ফেরেন মির্জা ফখরুল। দেশে ফেরার পর প্রথমে গুলশানের নিজ বাসায় যান, এরপর দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে অংশ নিতে যান গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। রাত ১১টা পর্যন্ত সেখানে বৈঠকে অংশ নেন তিনি।
বাসায় ফিরে রাতেই শরীর খারাপ অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।











