জেলা প্রতিনিধি :
কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান সংলগ্ন ইউটার্নে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে যানবাহন সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
দুর্ঘটনার বিস্তারিত পরিচয় ও ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে হাইওয়ে পুলিশ।










