মেট্রো রেলের টিকিটে ভ্যাট মওকুফ করল এনবিআর

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়ে দিয়েছে, মেট্রো রেলের টিকিটে কোনো মূল্য-সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না। সোমবার (৬ জানুয়ারি) এক আদেশে তারা এ নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেট্রোরেলের ভাড়া থেকে কর মওকুফ করা হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে মেট্রো রেলকে আরও জনপ্রিয় ও ব্যয় সাশ্রয়ী করে তোলার লক্ষ্য সামনে রাখা হয়েছে। আদেশে বলা হয়েছে, “মেট্রোরেল বাংলাদেশের সর্বাধুনিক ও জনপ্রিয় গণপরিবহন; মেট্রোরেল যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। মেট্রোরেলকে অধিক জনপ্রিয় করার লক্ষ্যে এর যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন।”

এছাড়া, “দ্রুতগামী, নিরাপদ, সময় সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর পরিবহন ব্যবস্থা মেট্রোরেল সেবার ওপর আরোপণীয় মূল্য সংযোজন কর (ভ্যাট) মওকুফ করা হলো,” এমনও উল্লেখ করা হয় এনবিআরের আদেশে।