অনলাইন ডেস্ক:
চীনের পশ্চিমাঞ্চলীয় শিজাং প্রদেশে আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ৬ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাতে ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও ৬২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে জিগাজে শহরের ডিংরি কাউন্টিতে এই শক্তিশালী ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ১ জানালেও, চীনা কর্তৃপক্ষ এটি ৬ দশমিক ৮ বলে নিশ্চিত করেছে। ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
এদিকে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তিব্বত অঞ্চলে, যেখানে ভারত এবং ইউরেশিয়া টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে ভূতাত্ত্বিক পরিবর্তন ঘটছে। এটি হিমালয়ের শৃঙ্গগুলোর উচ্চতাকেও প্রভাবিত করেছে।
চীনের সিসিটিভি জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্রের আশপাশের গড় উচ্চতা প্রায় ৪ হাজার ২০০ মিটার (১৩ হাজার ৮০০ ফুট)। এই অঞ্চলের ৫ কিলোমিটার পরিধির মধ্যে অবস্থিত বেশ কয়েকটি ছোট সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল লাসা থেকে ৩৮০ কিলোমিটার এবং জিগাজে শহর থেকে ২৩ কিলোমিটার দূরে অবস্থিত।
নেপালের রাজধানী কাঠমান্ডুতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে, ফলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে তাদের বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে, ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি দুর্গম এলাকায় এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত ১০০ বছরে এই অঞ্চলে ৬ বা তার বেশি মাত্রার ১০টি ভূমিকম্প আঘাত হেনেছে।











