অনলাইন ডেস্ক:
উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর কূটনৈতিক মঞ্চ ব্রিকসে নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে বিশ্বের চতুর্থ বৃহত্তম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া। গত সোমবার আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়া এই মঞ্চে জায়গা করে নেয়। এর ফলে ব্রিকসের মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১০-এ।
২০২৩ সালের আগস্টে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে ইন্দোনেশিয়াকে সদস্য করার প্রস্তাব গৃহীত হয়েছিল। তবে সে সময় ইন্দোনেশিয়া জানিয়েছিল, স্থায়ী সরকার গঠন না হওয়া পর্যন্ত তারা যোগ দেবে না। সম্প্রতি নির্বাচনের মাধ্যমে স্থায়ী সরকার গঠন করার পরই তারা আনুষ্ঠানিকভাবে এই মঞ্চে যোগ দিল।
২০২৫ সালের ব্রিকস প্রেসিডেন্সির দায়িত্বপ্রাপ্ত ব্রাজিল ইন্দোনেশিয়াকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে জানিয়েছে, “দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতিকে ব্রিকস মঞ্চে অভ্যর্থনা জানানো হচ্ছে। ভূ-রাজনৈতিক পরিস্থিতির উন্নতিতে ইন্দোনেশিয়া অন্যান্য সদস্য রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করবে।”
২০০৯ সালে ব্রিকসের যাত্রা শুরু হয় ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে। ২০২৪ সালে ইরান, ইথিওপিয়া, মিসর এবং সংযুক্ত আরব আমিরাত এই মঞ্চে যোগ দেয়। ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্তির মাধ্যমে ব্রিকস এখন বিশ্বের প্রায় ৪৭ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে।
ব্রিকস সদস্য দেশগুলো বর্তমানে বৈশ্বিক উৎপাদনের ৩৫ শতাংশের প্রতিনিধিত্ব করে। গ্লোবাল সাউথের এই মঞ্চ গঠন করা হয়েছিল উন্নত বিশ্বের জি-৭ মঞ্চের আদলে। ইন্দোনেশিয়ার যোগদানের ফলে ব্রিকসের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
ব্রিকস মঞ্চের সম্প্রসারণ উন্নয়নশীল দেশগুলোর কূটনৈতিক শক্তি বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনীতিতে আরও ভারসাম্য আনার লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে।











