পাকিস্তানে ৮০০ আফগান নাগরিক আটক: আফগান দূতাবাসের উদ্বেগ

অনলাইন ডেস্ক:

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রায় ৮০০ আফগান নাগরিককে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আটককৃতদের মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এ নিবন্ধিত ব্যক্তিরাও রয়েছেন। আফগানিস্তানের দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে পাকিস্তানে আফগান নাগরিকদের অবস্থাকে “উদ্বেগজনক” বলে উল্লেখ করেছে।

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে আফগান দূতাবাস জানিয়েছে, পাকিস্তানে আফগানদের অনিশ্চিত ভিসাপ্রক্রিয়া এবং স্বেচ্ছাচারী গ্রেপ্তারের ফলে নারী, শিশুসহ পরিবারের বেদনাদায়ক বিচ্ছেদ ঘটছে। আটক ব্যক্তিদের মধ্যে ১৩৭ জন এমনও আছেন, যাদের ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন প্রক্রিয়াধীন বা তারা ইউএনএইচসিআর-এ অস্থায়ীভাবে নিবন্ধিত।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ছয় লাখেরও বেশি আফগান পাকিস্তানে পালিয়ে গেছে। পাকিস্তান সরকার চরমপন্থা রোধে সীমান্ত অঞ্চলে অভিযান চালানোর কথা বললেও, আফগান নাগরিকরা অভিযোগ করছে যে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে রাজনৈতিক মতভেদের কারণে তাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

আফগানদের প্রতিনিধিত্বকারী আইনজীবী উমের ইজাজ গিলানি বলেছেন, “পাকিস্তানে অভিবাসনের অপেক্ষায় থাকা আফগানরা চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।”

জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) তথ্যমতে, পাকিস্তানে বর্তমানে প্রায় ১৫ লাখ নিবন্ধিত শরণার্থীসহ ভিন্ন আইনি অবস্থায় থাকা ১৫ লাখের বেশি আফগান নাগরিক রয়েছে।

পাকিস্তান সরকার বারবার স্বল্পমেয়াদি ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে, যা এখন ২০২৫ সালের জুনে শেষ হওয়ার কথা। তবে আফগানদের লক্ষ্য করে চালানো বাড়ি তল্লাশি, অর্থ আদায় এবং গ্রেপ্তারের ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আফগানদের এই অবস্থান শুধু পাকিস্তান-আফগানিস্তানের রাজনৈতিক উত্তেজনারই প্রতিফলন নয়, বরং এটি আঞ্চলিক মানবাধিকার পরিস্থিতির প্রতি নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে।