ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১-এর বৈঠকে উত্তেজনা, লতিফ সিদ্দিকী আটক

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মঞ্চ ৭১’-এর একটি গোলটেবিল বৈঠক ঘিরে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। জনতার দাবির মুখে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে পুলিশ আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়।

বেলা ১১টা থেকে ১২টার মধ্যে ঘটনাটি ঘটে। ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি।

স্থানীয়রা দাবি করেন, এই সভার আড়ালে নাকি আওয়ামী লীগের গোপন রাজনৈতিক বৈঠক হচ্ছিল। ওই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত জনতা লতিফ সিদ্দিকীসহ অন্যান্য অংশগ্রহণকারীদের ঘিরে ফেলেন এবং পুলিশকে হস্তক্ষেপ করতে বাধ্য করেন।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, জনতার অনুরোধে লতিফ সিদ্দিকীসহ সংশ্লিষ্টদের পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং পরে শাহবাগ থানায় পাঠানো হয়।

অনুষ্ঠানে সাংবাদিক ও শিক্ষক পরিচয়ে আরও কয়েকজন অংশগ্রহণ করলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় অনুষ্ঠানটি স্থগিত করতে হয়। একপর্যায়ে তিনটি পুলিশের গাড়িতে করে আটককৃতদের স্থানান্তর করা হয়।