জ্বিনের বাদশা সেজে প্রবাসীর ৫৩ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি :

অনলাইনে ‘জ্বিনের বাদশা’ সেজে প্রতারণার মাধ্যমে চট্টগ্রামের এক প্রবাসীর কাছ থেকে ৫৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কামাল উদ্দিন মীর (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৮।

গ্রেপ্তার কামাল উদ্দিন ভোলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পারিবারিক সমস্যা সমাধানের নাম করে কামাল উদ্দিন মীর নিজেকে ‘জ্বিনের বাদশা’পরিচয়ে অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন দিতেন। দীর্ঘদিন ধরে এভাবেই অনেকের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি। অনলাইনে তার দেওয়া এমন একটি বিজ্ঞাপন দেখে চট্টগ্রামের ফটিকছড়ির প্রবাসী দিদারুল আলম পারিবারিক সমস্যা সমাধানের জন্য বিজ্ঞাপনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। পরে কামাল ভুক্তভোগীর সব ধরনের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে গত ৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে একাধিক বিকাশ নম্বরের মাধ্যমে মোট ৫৩ লাখ পাঁচ হাজার টাকা হাতিয়ে নেন।

পরবর্তীতে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী দিদারুল আলম চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ফটিকছড়ি থানায় একটি নিয়মিত মামলা দাখিল হয়।

এরপর মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে র‌্যাব-৮-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিনে অভিযান চালিয়ে অভিযুক্ত কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে।

এই চক্রের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৮।