ভারতীয় রুপি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে, শেয়ারবাজারেও পতন

অনলাইন ডেস্ক:

ভারতীয় রুপির মূল্য বর্তমানে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। মার্কিন ডলারের বিপরীতে রুপি এখন ৮৬ দশমিক ২০ তে পৌঁছেছে, যা ভারতের মুদ্রা ইতিহাসের সর্বনি স্তর। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতির জন্য একাধিক কারণ দায়ী, যার মধ্যে অন্যতম হল শক্তিশালী আমেরিকান মুদ্রা এবং বিদেশি বিনিয়োগকারীদের পুঁজি উত্তোলন।

শুক্রবার (১০ জানুয়ারি) সেনসেক্স সূচক ২৪১ দশমিক ২০ পয়েন্ট পড়ে ৭৬ হাজারের কাছাকাছি চলে এসেছে। এর আগে গত তিন দিনে সূচকটি ৮২০ পয়েন্ট কমেছে এবং বাজারের মূলধন প্রায় ১২ লাখ কোটি রুপি কমেছে। একইসাথে, নিট পতন হয়েছে ১ হাজার ৮৪৪ দশমিক ২ পয়েন্ট।

বিদেশি বিনিয়োগকারীরা ভারতের শেয়ারবাজার থেকে মোট ১২ হাজার ৭৮৭ দশমিক ৭৩ কোটি রুপি পুঁজি তুলে নিয়েছে, যা রুপি অবমূল্যায়নের অন্যতম কারণ। বিশেষজ্ঞরা জানান, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং ভারতের অভ্যন্তরীণ পুঁজিবাজারে নেতিবাচক মনোভাবও এই দরপতনে অবদান রেখেছে।

কংগ্রেস দল এই পরিস্থিতির জন্য মোদি সরকারকে সমালোচনা করেছে। দলের নেতা জয়রাম রমেশ এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানিয়েছেন, নতুন বছরের প্রথম কয়েক দিনে বিদেশি ঋণদানকারী সংস্থাগুলো ২০০ কোটি ডলারের পুঁজি শেয়ারবাজার থেকে তুলে নিয়েছে, যা সূচক আরও নিচে নামিয়েছে।

বর্তমান পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, রুপি এবং শেয়ারবাজার উভয়ই অস্থির থাকবে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে, আপাতত শেয়ার কেনা থেকে বিরত থাকতে।