অনলাইন ডেস্ক:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন যে, রাশিয়ার কুরস্ক অঞ্চলে দুই উত্তর কোরীয় সেনাকে জীবিত আটক করা হয়েছে। এটি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর প্রথমবারের মতো কোনো উত্তর কোরীয় সেনাকে জীবিত আটক করার ঘটনা।
রোববার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জেলেনস্কি জানিয়েছেন, আটক সেনাদের কিয়েভে স্থানান্তর করা হয়েছে এবং ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ তাদের জিজ্ঞাসাবাদ করছে। আটক দুই সেনা বর্তমানে যুদ্ধবন্দির জন্য নির্ধারিত স্বাস্থ্য সুবিধা পাচ্ছেন। সাংবাদিকদের তাদের সঙ্গে কথা বলার সুযোগও দেওয়া হবে বলে জানান তিনি।
ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা দাবি করেছে যে, গত অক্টোবরে উত্তর কোরীয় সেনারা রাশিয়ার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে। প্রাথমিকভাবে তাদের সংখ্যা ১০ হাজার ছিল বলে ধারণা করা হয়। পিয়ংইয়ংও মস্কোকে বিপুল পরিমাণ গোলাবারুদ সরবরাহ করছে বলে তারা অভিযোগ করেছে।
আটক দুই সেনার মধ্যে একজনের কাছে রুশ সামরিক পরিচয়পত্র ছিল, তবে অন্যজনের কাছে কোনো পরিচয়পত্র ছিল না। এসবিইউ জানিয়েছে, এই সেনাদের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা বা পরিচালনায় জড়িত থাকার জন্য ফৌজদারি মামলা দায়ের করা হতে পারে, তবে বিষয়টি এখনো খতিয়ে দেখা হচ্ছে।
ক্রেমলিন কুরস্কে উত্তর কোরীয় সেনাদের উপস্থিতি সম্পর্কে কখনো স্বীকার বা অস্বীকার করেনি, এবং জেলেনস্কির সর্বশেষ দাবির প্রতিক্রিয়াও এখনও পাওয়া যায়নি। এর আগে, ইউক্রেন উত্তর কোরীয় সেনাদের যুদ্ধের ময়দান থেকে আটক করার দাবি করলেও, আহত সেনারা আটকের কিছুক্ষণ পরেই মৃত্যুবরণ করেন।











