অনলাইন ডেস্ক :
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে পৌঁছানো বিএনপি, এনসিপি ও জামায়াত নেতারা স্থানীয় আওয়ামী লীগ নেতা–কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও ঘটে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এমিরেটসের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মুহাম্মদ ইউনূস। তিনি বিশেষ নিরাপত্তায় অন্য গেইট দিয়ে বের হলেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নেতা হুমায়ুন কবির, এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা, সদস্যসচিব আখতার হোসেন এবং জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের সাধারণ যাত্রীদের সঙ্গে বের হওয়ার সময় আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভের মুখোমুখি হন।
চার নম্বর টার্মিনালে আওয়ামী লীগ নেতাকর্মীরা মুহাম্মদ ইউনূসকে ‘জামায়াত-শিবিরের নেতা’ আখ্যা দিয়ে স্লোগান দেন এবং বিএনপি নেতাদের উদ্দেশে কটূক্তি করেন। এ সময় আখতার হোসেনের গায়ে ডিম নিক্ষেপ করা হলে একটি তাঁর পিঠে ফেটে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমান ডিম ছুড়েছিলেন।
বিএনপি ও এনসিপি নেতারা কোনো প্রতিক্রিয়া না জানিয়ে দ্রুত গাড়ির দিকে এগিয়ে গেলেও বিক্ষোভকারীরা গাড়ির সামনেও বাধা দেন। পরে পুলিশের সহায়তায় তাঁরা বিমানবন্দর ত্যাগ করেন।
ঘটনার পর সন্ধ্যায় নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলের সামনেও আওয়ামী লীগ ও বিএনপি-এনসিপির নেতাকর্মীরা পাল্টাপাল্টি বিক্ষোভে অংশ নেন। এনসিপি নেতা আখতার হোসেন অভিযোগ করেন, তাঁদের উদ্দেশে অশালীন আচরণ ও ডিম নিক্ষেপ করা হয়েছে, এর বিচার হওয়া উচিত।
এদিকে ঘটনাস্থল থেকে স্থানীয় যুবলীগ কর্মী মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ।











