নিজস্ব প্রতিবেদক :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ডিম নিক্ষেপ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, “ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার গুলির সামনে দাঁড়িয়ে আমরা ভয় পাইনি, সেখানে কারও ভাঙা ডিমে আমাদের কিছু যায় আসে না।”
সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আখতার হোসেন আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ অতীতেও বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর আক্রমণ চালিয়েছে, দেশেও তাদের আক্রমণের লক্ষ্যবস্তুতে বিরোধীরা রয়েছেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, “আমরা ভয় পাই না। জনগণ ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের সন্ত্রাস প্রতিরোধ করবে।”
এনসিপি নেতার দাবি, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ওপর সন্ত্রাস চালালেও জনগণ আগেও তাদের বিরুদ্ধে জীবন উৎসর্গ করেছে, সামনের দিনগুলোতেও প্রতিরোধ গড়ে তুলবে।
অন্যদিকে, আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় স্থানীয় সময় রাত ৯টা ২৮ মিনিটে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকা থেকে মিজান চৌধুরী নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার বাসিন্দা। ঘটনার পাঁচ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।











