গিটারিস্ট চন্দ্রমৌলি বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যু

অনলাইন ডেস্ক:

ওপার বাংলার জনপ্রিয় ব্যান্ড ‘ফসিলস’ এর প্রাক্তন গিটারিস্ট চন্দ্রমৌলি বিশ্বাসের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত রোববার কলকাতার নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার কথা ধারণা করলেও, তদন্ত অব্যাহত রয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, চন্দ্রমৌলি বিশ্বাস এইদিন একাই তার বাড়িতে ছিলেন। তার বর্তমান ব্যান্ড সঙ্গী মহুল চক্রবর্তী ওই দিন তার বাসায় গিয়ে চন্দ্রমৌলির ঝুলন্ত দেহ দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে।

চন্দ্রমৌলি বিশ্বাসের মৃত্যুতে সংগীতশিল্পী রূপম ইসলাম শোকাহত। তিনি মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েন এবং সেসময় মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করেন প্রিয় সহকর্মী চন্দ্রমৌলি বিশ্বাসকে। রূপম ইসলাম বলেন, “আমরা আসার সময় গাড়িতে একটা খবর পেয়েছি। সেই খবরটা বজ্রাঘাতের মতো আমাদের মাথায় এসে পড়েছে। এই পরিস্থিতিতে কেউ গান গাইতে পারে না, কারও হাতের বাদ্যযন্ত্র বেজে ওঠে না। কিন্তু বাংলা রক জনতা আমাদের সামনে উপস্থিত। যাদের খোঁজ আমরা একসঙ্গেই করেছিলাম।”

তিনি আরও বলেন, “একটা বিরাট সময় চন্দ্র আমাদের সঙ্গেই ছিল। আমি কখনও বিশ্বাস করিনি, চন্দ্রকে ছাড়া এই ব্যান্ড কোনোদিন পারফর্ম করবে। ওর সঙ্গেই আমার বেশি বন্ধুত্ব ছিল।”

চন্দ্রমৌলি বিশ্বাস ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ‘ফসিলস’ ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি গোলক এবং জম্বি কেজ কন্ট্রোল নামে আরও দুটি ব্যান্ডে গিটার বাজাতেন। তিনি কলকাতার মধ্যভাগে বসবাস করতেন।