বিএনপি সরকার গঠন করলে গণঅভ্যুত্থানের সব দলকে নিয়ে কাজ করবে: কাজল

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, বিএনপি নির্বাচনমুখী দল। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জুলাই গণঅভ্যুত্থানের সব অংশীজন রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলা ডাকবাংলো মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি এম রায়হান, মিজানুর রহমান সহ জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপ্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, বিগত ১৫ বছরে দেশের ভোটের অধিকার ছিল না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল। আওয়ামী লীগের তৈরি সন্ত্রাসবিরোধী আইনেই তাদের রাজনৈতিক কর্মকা- নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষের মনোনয়ন দেবেন, আমরা সবাই তার পক্ষে কাজ করব। জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নে বিএনপি কাজ করবে। সরকার গঠনের পরে সুষম উন্নয়ন পরিকল্পনা ও তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। তরুণ প্রজন্ম হবে বিএনপির আগামীর সরকারের প্রধানতম শক্তি। তারুণ্যের শক্তি দেশ ও জনগণের কল্যাণে কাজে লাগাতে বিএনপি বদ্ধপরিকর।