ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

এবারের নির্বাচন হবে আইনের শাসনের সেরা উদাহরণ: সিইসি

প্রকাশিত: 11 October 2025, 5:11 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, এবারের নির্বাচনে নির্বাচন কমিশন আইনের শাসন ও নিরপেক্ষতার একটি প্রকৃত উদাহরণ উপস্থাপন করতে চায়। তিনি জানান, “আমরা চাই জনগণ এমন একটি নির্বাচন দেখুক যেখানে শৃঙ্খলা, স্বচ্ছতা ও ন্যায্যতা থাকবে, আর সবাই বিশ্বাস করবে আইন সবার জন্য সমান।”

শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রামে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন প্রক্রিয়াসংক্রান্ত কর্মশালায় সিইসি এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের লক্ষ্য একটি স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা, যাতে প্রতিটি ভোটার নিশ্চিন্তে ভোট দিতে পারে।

সিইসি আরও বলেন, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হলে প্রশাসনিক দক্ষতা এবং নৈতিক দৃঢ়তা দুটোই প্রয়োজন। প্রশিক্ষণপ্রাপ্ত, নিরপেক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তারা এই কাঠামোর মূল ভিত্তি। বিশেষ করে যারা আগে ভোটগ্রহণে অভিজ্ঞ নন, তাদেরও আত্মবিশ্বাস বাড়াতে হবে।

ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারদেরকে চিফ ইলেকশন অফিসার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আইন অনুযায়ী তাদের সব ধরনের ক্ষমতা রয়েছে। প্রয়োজনে ভোট স্থগিত করা, আইন প্রয়োগ করা যাবে, তবে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।”

নিরাপত্তাকে নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরে সিইসি বলেন, প্রশাসনিক, আইনগত ও প্রযুক্তিগত নানা বিষয় থাকলেও নিরাপত্তা ব্যবস্থাপনা সবচেয়ে জটিল বিষয়। তাই প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি।

তিনি জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে ‘সেন্ট্রাল কো-অর্ডিনেশন সেল’ এবং ‘ইমার্জেন্সি রেসপন্স ইউনিট’ গঠন করেছে যাতে যেকোনো জায়গা থেকে দ্রুত যোগাযোগ ও ব্যবস্থা নেওয়া যায়। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ও এআই-ভিত্তিক অপপ্রচার মোকাবিলায়ও একটি বিশেষ সেল গঠন করা হয়েছে।

সিইসি বলেন, “আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হবে, আমরা কর্মকর্তাদের পূর্ণ সমর্থন দিবো, তবে দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না।”

শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই নির্বাচন প্রমাণ করবে বাংলাদেশে আইন ও গণতন্ত্র এখনো টিকে আছে। আমরা সবাই মিলে একটি স্বচ্ছ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ নির্বাচন আয়োজন করব, ইনশাআল্লাহ।”

মন্তব্য করুন