অনলাইন ডেস্ক:
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা আবারও বিতর্কে জড়ালেন। সম্প্রতি মুক্তি পাওয়া ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান এবং ছবির প্রচারপর্ব নিয়ে চলছে সমালোচনা। নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন উর্বশী ও তার সহ-অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণ।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ছবির বক্স অফিস সাফল্য উদযাপনে আয়োজিত এক পার্টিতে বিতর্ক শুরু হয়। স্যাটিন শাড়িতে পার্টিতে হাজির হয়েছিলেন উর্বশী। অনুষ্ঠানে নন্দমুরির সঙ্গে কেক কাটার পর উভয়ে ‘দাবিডি দিবিডি’ গানে নাচতে শুরু করেন। তবে নাচের সময় নন্দমুরির অস্বস্তিকর আচরণ ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, উর্বশীর শাড়ির কুঁচির দিকে হাত বাড়ান নন্দমুরি। উর্বশী বারবার সরে দাঁড়ালেও অভিনেতা নাচ থামাননি।
এছাড়া, সিনেমার প্রচারের সময়ও নন্দমুরির একাধিক আচরণ নজরে এসেছে। বিশেষ করে, উর্বশীর হাতে হাত রাখার সময় তার অভিব্যক্তি বদলে যাওয়ার বিষয়টি অনুরাগীদের দৃষ্টি এড়ায়নি।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা চলছে। উর্বশীর ভক্তরা বিষয়টিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এখন পর্যন্ত উর্বশী বা নন্দমুরি কারও পক্ষ থেকেই এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।











