চট্টগ্রামে ব্যানার টানানোকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

মো. সাজ্জাদ

জেলা প্রতিনিধি:

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের ছবিযুক্ত ব্যানার টানানো ও নামানোকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. সাজ্জাদ (২৬) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন এবং আরও আটজন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত গভীর রাতে বাকলিয়ার সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিক এলাকার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঘটনার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলিও হয়। নিহত সাজ্জাদ বাকলিয়ার তক্তারপুল এলাকার বাসিন্দা আলমের ছেলে এবং তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার অধিবাসী। এলাকায় তিনি সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

সূত্র জানায়, চট্টগ্রাম মহানগর যুবদলের বহিষ্কৃত নেতা এমদাদুল হক বাদশা ও বোরহান উদ্দিনের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৈয়দ শাহ রোডে মেয়র শাহাদাত হোসেনের ছবিযুক্ত একটি ব্যানার টানান বোরহানের অনুসারীরা। পরে রাতে বাদশার অনুসারীরা ব্যানারটি নামাতে গেলে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি থেকে সংঘর্ষে রূপ নেয় ঘটনাটি। এতে গুলিবিদ্ধ হয়ে সাজ্জাদসহ অন্তত ৮-১০ জন আহত হন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, “ব্যানার টানানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”