নিজস্ব প্রতিবেদক:
গণঅধিকার পরিষদ ও ন্যাশনাল কনসেনসাস পার্টি (এনসিপি) একীভূত হচ্ছে— সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে কয়েকটি গণমাধ্যম। তবে এ তথ্যকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “এনসিপির নেতৃত্বে গণঅধিকার পরিষদ জোট করবে— এ সংবাদটি শতভাগ মিথ্যা। তবে যৌথ নেতৃত্বে জোট করার প্রস্তাব এনসিপির পক্ষ থেকে এসেছে। আমরা বলেছি, আরও আলোচনা প্রয়োজন।”
তিনি আরও লেখেন, “গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার আলোচনা মিডিয়ায় আসার পর এনসিপির কয়েকজন নেতার বক্তব্য ছিল অশোভন, অপরিপক্ব ও অরাজনৈতিক। কিছু করতে গেলে উদারতা ও আন্তরিকতা প্রয়োজন।”
রাশেদ খান বলেন, “আমরা বলেছি, আগে সবার মধ্যে সেই উদারতা ও পরিপক্বতা পরিলক্ষিত হোক, তারপর নির্বাচনী জোটের আলোচনা করা যাবে। রাজনীতি কোনো ‘পুতুল পুতুল বিয়ে দেওয়ার খেলা’ নয়— যে বিয়ে দিলাম, আবার ভেঙে ফেললাম।”
এ নিয়ে এনসিপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।











