নিজস্ব প্রতিবেদক:
এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বুধবার দুপুরে রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপিকে লক্ষ্য করে বলেছেন, “বাস্তবায়ন প্রক্রিয়া না দেখে জুলাই সনদে সাইন করা ভুল। এখন অন্যের ওপর চাপিয়ে না দিয়ে ভুলের কাফফারা দিতে হবে।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ কেবল রাজনৈতিক সমঝোতার ফাঁকা দলিল নয়; এর আইনি ভিত্তি থাকা প্রয়োজন। আমরা আগেই জানিয়েছি, বাস্তবায়ন আদেশের খসড়া দেখেই এনসিপি স্বাক্ষরের বিবেচনা করবে।”
পাটওয়ারী জানিয়েছেন, জাতীয় ঐকমত্য কমিশন গতকাল সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা সুপারিশ করেছে। কমিশনের দেওয়া ৪৮টি সংস্কার প্রস্তাবের মধ্যে সংবিধান সংশ্লিষ্ট প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য দুটি পৃথক খসড়া সুপারিশ করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “সংবিধান সংশোধন বিল আইন আকারে কার্যকর করতে এবং গণভোটের ম্যান্ডেট বাস্তবায়নের জন্য প্রস্তাব-১ বাস্তবায়ন করা জরুরি। প্রস্তাব-২ নয়, প্রস্তাব-১কেই সরকার গ্রহণ করবে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও উল্লেখ করেছেন, প্রস্তাব-১-এর কিছু ভাষাগত অস্পষ্টতা নিরসন করা হবে। সরকারি অনুমোদনের পর জুলাই সনদ স্বাক্ষরে অগ্রগতি সম্ভব হবে।










