দেশে প্রথমবারের মতো এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত হয়ে সানজিদা আক্তার (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়।

এই প্রথম বাংলাদেশে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটল। বিষয়টি নিশ্চিত করেছেন সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার।

গত ১২ জানুয়ারি সানজিদা আক্তারের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত হয়। জানা গেছে, তার কোনো বিদেশ ভ্রমণের ইতিহাস নেই এবং তার স্বামীও সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরেননি।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম ২০১৭ সালে এইচএমপিভি ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে ভাইরাসটি প্রতিবছরই সীমিত পরিসরে শনাক্ত হলেও মৃত্যুর ঘটনা এবারই প্রথম।

সাম্প্রতিক সময়ে এই ভাইরাসের প্রাদুর্ভাব চীনসহ উপমহাদেশের বিভিন্ন দেশে বৃদ্ধি পাওয়ায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) জানিয়েছে, এইচএমপিভি সংক্রমণ বিশেষত ১৪ বছরের কম বয়সী শিশু এবং ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। পাশাপাশি হাঁপানি, ক্রনিক পালমোনারি ডিজিজ, গর্ভবতী নারী এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরাও উচ্চ ঝুঁকিতে রয়েছেন।

বিশেষজ্ঞরা ভাইরাসটি নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।