জেলা প্রতিনিধি :
পিরোজপুরের শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় বাসচাপায় রিয়াদ কাজী ও মো. শাহিন নামে দুই যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ওই বাসের এক যাত্রী।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজিব পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াদ কাজী পূর্ব উত্তর শংকরপাশার বাসিন্দা এবং শাহিন ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বাসটি খাদে পড়ার সময় রিয়াদ ও শাহিনসহ এক যাত্রীকে চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদ ও শাহিনকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেপ্তারে চেষ্টা চলছে।











