ফুলবাড়িয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাস চালক দগ্ধ হয়ে নিহত

জেলা প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্বৃত্তদের আগুনে বাস চালক জুলহাস মিয়া (৪৫) পুড়ে মারা গেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। নিহত জুলহাস ওই এলাকারই বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন,
“দুর্বৃত্তরা বাসে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের পর বাস থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি এমনভাবে পুড়েছে যে চেহারা চেনা যাচ্ছে না, তবে ধারণা করা হচ্ছে তিনি বাসচালক জুলহাস মিয়া।”

ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবাল জানান,
“ভোররাত সোয়া ৩টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। এরপর তল্লাশি চালিয়ে সিটে পুড়ে যাওয়া একটি মরদেহ পাওয়া যায়, যা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কীভাবে আগুন লাগানো হয়েছে, তা তদন্ত করছে পুলিশ।”

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে।