ভ্যাট বাড়ানো অযৌক্তিক, প্রত্যক্ষ করের দিকে মনোযোগ দিতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিয়ে শ্বেতপত্র প্রণয়নকারী কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করেছেন। শনিবার (১৮ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শ্বেতপত্র ও অতঃপর: অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট’ শীর্ষক সিম্পোজিয়ামের সূচনা বক্তব্যে তিনি বলেন, “আমরা বিস্মিত হয়েছি এটা দেখে যে, কীভাবে অবিবেচনাপ্রসূতভাবে মূল্য সংযোজন কর বাড়ানো হলো।”

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, “যদি কোনো সরকার কার্যকরভাবে কর আদায় করতে চায়, তাহলে তাকে ধীরে ধীরে প্রত্যক্ষ করের দিকে নজর দিতে হবে, কিন্তু আমরা এখনো প্রত্যক্ষ কর আদায়ের কোন পরিকল্পনা দেখতে পাচ্ছি না।”

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক হিসেবে তিনি উল্লেখ করেন, “কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকা ব্যক্তিরা যদি কর প্রদান করতে ব্যর্থ হন, তবে তাদের জন্য কোনো কার্যকর কৌশল প্রস্তাব করা হয়নি।” তিনি জানান, “অর্থাৎ, প্রথমে পরোক্ষ কর বাড়ানোর দিকে ঝুঁকতে গিয়ে প্রত্যক্ষ কর আদায়ে কোন উদ্যোগ নেয়া হচ্ছে না, যা আমাদের উদ্বিগ্ন করে তুলেছে।”