নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ভাটারা থানায় অস্ত্র আইনের মামলায় গ্রেফতার হওয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর আদালত। তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
পরে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা (আইও)। আদালত সেই আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, ১৫ জানুয়ারি দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে ডিবি পুলিশ মতিউর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার বাসা থেকে একটি পিস্তল এবং বেশ কয়েকটি গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক বেলাল হোসেন ভাটারা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।










