মেসির সঙ্গে ছবি, ভয়াবহ ট্রলের মুখে শুভশ্রী

অনলাইন ডেস্ক:

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যখন বিশৃঙ্খলা, নিরাপত্তা ও দায়দায়িত্ব নিয়ে উত্তেজনা চরমে, ঠিক সেই সময়ই মেসির সঙ্গে ছবি তোলাকে কেন্দ্র করে ভয়াবহ ট্রলের মুখে পড়লেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপচে পড়া ভিড়ের মধ্যেই মঞ্চে ফুটবল তারকা লিওনেল মেসির পাশে দেখা যায় শুভশ্রীকে। পরে সেই মুহূর্তের ছবি নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী। আর তাতেই শুরু হয় সমালোচনার ঝড়।

একাধিক কুরুচিকর মন্তব্য, কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণে ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। অভিযোগ উঠেছে, শুভশ্রীর শারীরিক গঠন ও সন্তানকে নিয়েও আপত্তিকর মন্তব্য করতে ছাড়েননি ট্রোলাররা।

এই ঘটনার পর স্ত্রীর পাশে দাঁড়িয়ে রবিবার সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দেন রাজ চক্রবর্তী। একইদিন রাতে টিটাগড় থানায় গিয়ে লিখিত অভিযোগও দায়ের করেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক।

অভিযোগে রাজ চক্রবর্তী জানান, একজন নারীকে উদ্দেশ্য করে এ ধরনের নোংরা ইঙ্গিত, কুৎসা ও ব্যক্তিগত আক্রমণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “শুভশ্রীর শারীরিক গঠন ও সন্তান নিয়ে কটাক্ষ করা হচ্ছে। যারা এই ভাষা ব্যবহার করছে, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্তও থাকতে পারে।”

এর আগেই রবিবার সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের উদ্দেশে স্পষ্ট ও কড়া বার্তা দেন রাজ চক্রবর্তী। তবে এই বিতর্ক নিয়ে এখনো পর্যন্ত শুভশ্রী গাঙ্গুলির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।