তারকা হয়েও সাদামাটা জীবনে শ্রিয়া শরণ

অনলাইন ডেস্ক:

ভারতের দক্ষিণী ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া শরণ, পর্দায় তারকাখ্যাতির শিখরে থাকলেও বাস্তব জীবনে বেছে নিয়েছেন একেবারেই সাদামাটা জীবনধারা। মুম্বাইয়ে স্বামী ও সন্তানকে নিয়ে তিনি থাকেন একটি ছোট ফ্ল্যাটে, যেখানে নেই তারকাদের চেনা চাকচিক্য। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

বলিউড পরিচালক ও ইউটিউবার ফারাহ খানের ভ্লগে প্রকাশ পেয়েছে শ্রিয়ার ব্যক্তিগত জীবনের এই সাধারণ অথচ পরিপাটি চিত্র। নিজের ইউটিউব চ্যানেলে অভিনেত্রীর ছোট্ট বাড়ির নানা অংশ ঘুরে দেখান ফারাহ খান।

ফ্ল্যাটের প্রবেশপথে রয়েছে একটি গণেশের মূর্তি। দরজার গায়েও দেখা যায় একাধিক স্টিকার—যা একেবারেই সাধারণ মধ্যবিত্ত বাড়ির আবহ তৈরি করে। লিভিং রুম বা বসার ঘরটি সাদা সোফা ও অল্প কিছু আসবাবপত্রে সাজানো। এই অংশে রয়েছে একটি বড় ঝাল লণ্ঠন, যা ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে।

রান্নাঘরেও বিলাসিতার ছাপ নেই। দামি সরঞ্জামের বদলে মাটির তৈরি বাসন ও গুছিয়ে রাখা উপকরণেই সাজানো এই অংশ। ব্যস্ত অভিনয়জীবনের মাঝেও কীভাবে ঘর এতটা পরিপাটি ও সাদামাটা রাখা সম্ভব—সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে।

প্রসঙ্গত, শ্রিয়া শরণ ‘দৃশ্যম’ ছবিতে অজয় দেবগনের বিপরীতে অভিনয়ের মাধ্যমে হিন্দি দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান। তবে তাঁর অভিনয়জীবনের সূচনা ও পরিচিতি আসে দক্ষিণী সুপারহিট ছবি ‘শিবাজি দ্য বস’-এর মাধ্যমে। এরপর একের পর এক ছবিতে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।