নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে অপসারণের জন্য স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার পাঠানো এই চিঠিতে পুতুলের বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ তুলে ধরে তার ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদ বাতিলের জন্য কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন রোববার (১৯ জানুয়ারি) সাংবাদিকদের বলেন, সম্প্রতি পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম ভেঙে অবৈধভাবে ১০ কাঠা প্লট জালিয়াতির মাধ্যমে সায়মা ওয়াজেদ পুতুলকে আসামি করে মামলা করা হয়। তার মা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হুকুমের আসামি করা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, পুতুলের বিরুদ্ধে ‘সূচনা ফাউন্ডেশন’ নামক প্রতিষ্ঠান চালিয়ে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকন আদায় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় অটিস্টিক সেলকে ব্যবহার করে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া ফাউন্ডেশনের নামে উপার্জিত অর্থ করমুক্ত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের ওপর অবৈধ প্রভাব বিস্তার করার বিষয়ও চূড়ান্ত চিঠিতে উল্লেখ করা হয়েছে।
দুদকের চিঠিতে সতর্ক করে বলা হয়, সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তিনি ডব্লিউএইচও’র সম্মানজনক পদে দায়িত্ব পালন করছেন, যা বাংলাদেশের মর্যাদার জন্য ক্ষতিকর এবং দেশের সুনামকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
এছাড়া, দুদকের মহাপরিচালক আক্তার হোসেন আরও জানান, বর্তমান আওয়ামী সরকারের সময়ে প্রভাবশালী আমলা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার এবং তার স্ত্রীর বিরুদ্ধে ২৩ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক।











