অনলাইন ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। সম্প্রতি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন নাকি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করবেন—সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানাননি।
ফেসবুক পোস্টে মেঘনা আলম জানান, ঢাকা-৮ আসনকে তিনি বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে চান। এ লক্ষ্যে এলাকায় আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দেন তিনি, যাতে নারীরা পথ চলাচলের সময় স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার না হন।
এছাড়া ঢাকা-৮ এলাকায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার কথাও উল্লেখ করেন মেঘনা আলম। এর মাধ্যমে নাগরিকদের নিরাপদে হাঁটাচলা ও সাইকেল ব্যবহারের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পোস্টে আরও বলা হয়, জনস্বার্থে স্বল্প ব্যয়ে পাবলিক ওয়াশরুম, গোসল ও ব্রেস্টফিডিংয়ের স্থান, শিশুদের ডায়াপার পরিবর্তনের ব্যবস্থা এবং কমিউনিটি লন্ড্রি সিস্টেম চালু করা হবে। এতে বস্তিবাসী থেকে শুরু করে সাধারণ পথচারী ও পার্কে হাঁটতে বের হওয়া মানুষ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ পাবেন।
মেঘনা আলমের ভাষ্য অনুযায়ী, তিনি এমপি নির্বাচিত হলে ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত সচেতনতা বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। রাজনৈতিক ইতিহাসে ‘দেশকে সিঙ্গাপুর বানানো হবে’—এ ধরনের ফাঁপা প্রতিশ্রুতির বিপরীতে তিনি বাস্তবসম্মত ও আন্তর্জাতিক মানের নেতৃত্বের উদাহরণ হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন বলেও পোস্টে উল্লেখ করা হয়।











