হুমকি, বুলিং ও মানসিক চাপে কেটেছে রুমীর শেষ সময়

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাত আরা রুমী (৩২) বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ধানমণ্ডি এলাকার একটি ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তার বাবার সঙ্গে শেষ ফোনালাপে রুমী কিছু নিয়ে ‘টেনশনে’ থাকার কথা জানিয়েছিলেন এবং পাসপোর্টের জন্য বাড়ি ফেরার পরিকল্পনা ছিল।

পুলিশ জানিয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পটভূমিতে জানা গেছে, গত মাসে শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন ধানমণ্ডি ৩২-এ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় এক নারীকে মারধরের ঘটনায় রুমীর নাম আলোচনায় আসে। পরে রুমী সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে হুমকি ও ধমকির শিকার হন বলে দাবি করেছেন এনসিপির নেতা তারেক রেজা।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, প্রায় দুই মাস ধরে রুমী সাইবার বুলিংয়ের শিকার ছিলেন এবং হত্যা ও ধর্ষণের হুমকিও পেয়েছিলেন। এ ঘটনায় মানসিকভাবে ট্রমাটাইজড ছিলেন তিনি।

রুমীর বাবা জাকির হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, তার শেষ ফোনালাপে রুমী টেনশনে ছিলেন। তিনি বাসায় একটি ব্যাংক চেক রেখেছিলেন, যা বাবা খুঁজে রাখার কথা বলেন।